কয়েক সপ্তাহ আগে ৮ পয়েন্টের ব্যবধানে শীর্ষে থেকে সহজেই লিগ জয়ের পথেই ছিল বার্সেলোনা। কিন্তু লুইস এনরিকের দলের টানা তিন ম্যাচ হেরে যাওয়ার সুযোগ কাজে লাগিয়ে তাদের সঙ্গে পয়েন্ট সমান করে ফেলে অ্যাটলেটিকো মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও মাত্র এক পয়েন্ট পেছনে।
তবে গত ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে ৮-০ গোলে বিধ্বস্ত করে আবারও ছন্দে ফিরেছে বার্সা। আজ তাদের সামনে অবনমন অঞ্চলে থাকা পুঁচকে স্পোর্টিং গিজন। নিজেদের মাঠ কাম্প ন্যুতে বার্সেলোনা ম্যাচটি খেলতে নামবে শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায়।
এ ম্যাচে বেশ সতর্ক বার্সা ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। তিনি বলেন, 'আমরা জানি কোনওভাবে পয়েন্ট হারানো চলবে না। বাকি ম্যাচগুলোয় সম্ভবত তারাও (রিয়াল, অ্যাটলেটিকো) পয়েন্ট হারাবে না। কিন্তু এটা আমাদের ওপর হয়ত প্রভাব ফেলবে না।'
দেপোর্তিভোর বিপক্ষে মেসি হালকা চোট পেলেও এ ম্যাচের জন্য তিনি পুরো ফিট বলে জানান কোচ এনরিকে। পরিসংখ্যানেও স্পোর্টিংয়ের চেয়ে এগিয়ে বার্সেলোনা। সবশেষ খেলা পাঁচ ম্যাচের চারটিতেই জেতে বার্সেলোনা।
আজ মাঠে নামছে শিরোপা লড়াইয়ে বার্সেলোনার তুমুল প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো ও রিয়াল। সবার আগে মাঠে নামবে রিয়াল; পয়েন্ট তালিকার ষোড়শ স্থানে থাকা রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলবে জিনেদিন জিদানের দল। নিজেদের মাঠে মালাগার বিপক্ষে অ্যাটলেটিকোর ম্যাচটিও শেষ হয়ে যাবে বার্সেলোনা মাঠে নামার আগেই।
/এমআর/