প্রিমিয়ার হকি লিগে ফের শীর্ষে ঊষা

বিজয় দিবস হকির ফাইনালে নৌবাহিনী ও বিকেএসপিগ্রিন ডেল্টা ইনস্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকি লিগের পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছেছে ঊষা ক্রীড়া চক্র। আজ মঙ্গলবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোনালী ব্যাংক এসআরসিকে ৫-২ গোলে হারিয়ে ফের শীর্ষে উঠেছে ঊষা। ঊষার জয়ের ফলে  গতকাল শীর্ষে ওঠা আবাহনী ফের দ্বিতীয় স্থানে নেমে গেছে।
প্রথমার্ধে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আলিম বেলালের জোড়া গোলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ঊষা। দ্বিতীয়ার্ধের শুরুতে হাসান যুবায়ের নিলয় স্কোরলাইন ৩-০ করেন। ৫৭ মিনিটে রাব্বী সালেহীন রকির গোলে ম্যাচে ফেরার একটু ইঙ্গিত দিয়েছিল সোনালী ব্যাংক। কিন্তু ৬২ মিনিটে আবার আলীম বেলাল ও ৬৪ মিনিটে পুস্কর ক্ষীসা মিমো গোল করলে জয় নিশ্চত হয়ে যায় ঊষার। শেষ দিকে ইহসানউল্লাহ খানের গোল সোনালী ব্যাংকের হারের ব্যবধান কমায়।
১০ ম্যাচে নয় জয় এবং এক ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরলো ঊষা। আগের দিনে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ওঠা আবাহনী লিমিটেড নেমে গেলো দ্বিতীয় স্থানে।
এদিকে মঙ্গলবারের অপর ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ এসসি। সেরাজ আলির গোলে এগিয়ে যায় বাংলাদেশ এসসি। ওয়ান্ডারার্সকে সমতায় ফেরান সজীব হোসেন। ৬৬ মিনিটে বেলালের গোলে ফের এগিয়ে যায় বাংলাদেশ এসসি। কিন্তু সারোয়ার মোর্শেদ স্কোরলাইন ২-২ করে দেন।

/আরএম/এফআইআর/