যুব অলিম্পিকের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

হকি২০১৮ সালের অক্টোবরে আর্জেন্টিনার বুয়েনস এইরেসে বসবে যুব অলিম্পিক গেমসের আসর। এই আসরে খেলার স্বপ্নপূরণ হলো না বাংলাদেশের। ব্যাংককে এশিয়া অঞ্চলের ফাইনালে ওঠার লড়াইয়ে শক্তিশালী ভারতের বিপক্ষে ৯-২ গোলের বড় ব্যবধানে হেরে গেছে গোপিনাথন কৃষ্ণমূর্তির দল।

ফাইনালে উঠতে পারলেই যুব অলিম্পিক গেমস নিশ্চিত হতো বাংলাদেশের। কিন্তু তা আর হলো না। সেমিফাইনালে শিবাম আনন্দের হ্যাটট্রিকের কাছে হেরেছেন সবুজ-আবেদরা। শনিবার ফাইভ-এ-সাইডের এই আসরের খেলার শুরু থেকে ভারত প্রাধান্য বিস্তার করে খেলেছে। প্রথম অর্ধে ভারত ২-০ গোলে এগিয়ে যায়। শিবাম আনন্দ ৫ মিনিটে এগিয়ে নেন ভারতকে। মিনিট তিনেক পর ব্যবধান দ্বিগুণ করেন এই আনন্দই।

দ্বিতীয় অর্ধে আরও এক গোল তার, তাতে ১৫ মিনিটেই হয়ে যায় আনন্দের হ্যাটট্রিক। তৃতীয় অর্ধে বাংলাদেশ তেমন কোনও প্রতিরোধই গড়তে পারেনি, করেছে অসহায় আত্মসমর্পণ। আরও ৬ গোল হজম করতে হয়েছে এই সময়ে। ২২ থেকে ২৪ মিনিটের মধ্যে হয়ে যায় ৫ গোল! দুটি গোল অবশ্য ভারতের জালে জড়িয়েছে বাংলাদেশ। সোহানুর রহমান সবুজের স্টিক থেকে এসেছে গোল দুটি।