আগামী ১ থেকে ৮ মার্চ ইন্দোনেশিয়ায় হতে যা্চ্ছে এশিয়া কাপ হকি বাছাই পর্ব। বাংলাদেশও অংশ নিতে যাচ্ছে প্রতিযোগিতাটিতে। শিগগিরই জিমি-শিতুলদের প্রস্তুতি শুরু হওয়ার কথা। তবে এবার জাতীয় দলের কোচ কে হবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
গত ডিসেম্বরে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে মালয়েশিয়ান কোচ গোপিনাথন কৃষ্ণমূর্তি অন্তবর্তী কোচ হিসেবে বাংলাদেশের দায়িত্ব পালন করেছিলেন। আবারও গোপিনাথন নাকি অন্য কেউ কোচ হবেন, তা নির্ধারণ হয়নি।
আগামী ৩ ফেব্রুয়ারি হকি ফেডারেশনের নির্বাহী কমিটির সভাতে কোচ নিয়োগ ও দলের প্রস্তুতি ছাড়াও অন্য বিষয় নিয়ে সিদ্ধান্ত আসতে পারে।
এ প্রসঙ্গে হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা শিগগিরই দলের অনুশীলন শুরু করতে যাচ্ছি। কোচও এর আগে ঠিক হয়ে যাবে। ইন্দোনেশিয়ার এশিয়া কাপের বাছাই পর্ব সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি। তবে সবকিছুই আমাদের নির্বাহী কমিটির সভাতে সিদ্ধান্ত হবে।’