মালয়েশিয়ার কাছে হেরে সেমির আশা শেষ বাংলাদেশের

এশিয়া কাপ হকিতে অন্যতম ফেভারিট মালয়েশিয়া। তাদের বিপক্ষে লড়াই যে সহজ হবে না, সেটা অনুমেয় ছিল। আজ (বৃহস্পতিবার) ম্যাচে নিজেদের অবস্থান আবারও জেনে নিলো বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়া ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজ জার্সিধারীদের। এই হারে সেমিফাইনালে ওঠার আশা শেষ হয়ে গেছে জিমি-শিতুলদের।

জাকার্তার এই প্রতিযোগিতায় রহিম রাজিই ও সারি ফয়জালের হ্যাটট্রিকে মালয়েশিয়ার সামনে উড়ে গেছে বাংলাদেশ। এমনিতে র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়া বেশ এগিয়ে। তাদের অবস্থান ১১তম। আর বাংলাদেশ রয়েছে ৩১তম স্থানে।

ম্যাচে রহিম রাজিউ ৪, ১৪ ও ৩০ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। অন্যদিকে সারি ফয়জাল ২৪, ৩১ ও ৪৬ মিনিটে গোল করে হ্যাটট্রিক পান। আজরাই আবু কালাম ও হামসানি আসরান একটি করে গোল করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।

বাংলাদেশের হয়ে ডিফেন্ডার আশরাফুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে ২১ মিনিটে একমাত্র গোলটি করেন।

টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের অবস্থান তৃতীয়। একমাত্র ম্যাচ জিতেছে ওমানের বিপক্ষে। এখন পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হবে লাল-সবুজ দলের।