ফাইনালে ওমানকে হারাতে চায় বাংলাদেশ

থাইল্যান্ডের বিপক্ষে ঘাম ঝড়াতে হয়েছে বাংলাদেশকে। তারপরও চতুর্থ কোয়ার্টারে এসে ১০ মিনিটে তিন গোল দিয়ে এএইচএফ অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে থাইদের হারিয়ে ফাইনালে জায়গা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জুনিয়র হকির এই টুর্নামেন্টে ফাইনালে প্রতিপক্ষ আরেক ফেভারিট ওমান। মাস্কটের সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত ৮টায় হবে ম্যাচটি।

ফাইনালকে সামনে রেখে বাংলাদেশ দল সতর্ক। এমনিতে গত কয়েক বছরে ওমান হয়ে উঠেছে চির প্রতিদ্বন্দ্বীর মতো। দুই দলের মধ্যে শক্তির দিক দিয়ে তেমন কোনও পার্থক্য নেই। তাই তো বাংলাদেশ কোচ মামুনুর রশীদ মাস্কট থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ওমান দল নিঃসন্দেহে ভালো দল। তাদের বিপক্ষে আমাদের লড়াই হবে। এমনিতে ওরা চার মাস ধরে অনুশীলনের মধ্যে আছে। প্রস্তুতি ম্যাচ খেলেছে ১৫টির মতো। নতুন করে তাদের নিয়ে বলার কিছু নেই।’

সেমিফাইনালে বাংলাদেশ ৩-০ গোলে থাইল্যান্ডকে হারিয়েছে। একই মাঠে রাতে অন্য সেমিফাইনালে ওমান ৫-০ গোলে জিতেছে উজবেকিস্তানের বিপক্ষে। ফাইনালে প্রতিপক্ষের যতই প্রস্তুতি ভালো হোক না কেন, বাংলাদেশের আত্মবিশ্বাসে কমতি নেই। মামুনুর বলছিলেন, ‘আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবো। কোনোভাবেই হাল ছাড়বো না। তবে ম্যাচটি যে বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে তা বলেই দেওয়া যায়।’

দলের সর্বোচ্চ স্কোরার আমিরুল ইসলামও আশাবাদী, ‘থাইল্যান্ডের বিপক্ষে আমি গোল পাইনি। ফাইনালে ভালো খেলার চেষ্টা করবো।’