বিশ্বকাপে চোখ রেখে ভারত মিশনে বাংলাদেশ

ওমানে এশিয়া কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্ট শুরু হচ্ছে ২৩ মে থেকে। ১০ দলের টুর্নামেন্টে প্রথম চার দলের মধ্যে থাকতে পারলে মিলবে বিশ্বকাপের টিকিট। ভারত-পাকিস্তান-দক্ষিণ কোরিয়া-মালয়েশিয়ার মতো দলের বিপক্ষে লড়াই করে সেরা চারে জায়গা করে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। বিশ্বকাপ স্বপ্নের আগে তাই জম্পেশ প্রস্তুতির জন্য ভারতে যেতে চাইছে মামুনুর রশীদের দল।

এই মাসের মাঝামাঝি সময়ে যেতে পারলে পাঞ্জাব ও হরিয়ানায় ১০ থেকে ১৫টি ম্যাচ প্রস্তুতি ম্যাচ খেলার লক্ষ্য। এরই মধ্যে ভারতে যেতে জিও (সরকারি আদেশ) আজই হয়ে গেছে। এখন ভিসার জন্য আজকালের মধ্যে আবেদন করা হবে। 

দলটির কোচ মামনুর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এশিয়া কাপের সেরা চারে জায়গা করে নেওয়া কঠিন। তবে অসম্ভব কিছু নয়। এখন ক্যাম্পে ৩০ জন খেলোয়াড় আছে। ভারতে প্রস্তুতি ম্যাচ খেলতে ২২ জনকে নিয়ে যাওয়া হবে। সেখানে খেলতে পারলে দলেরই আত্মবিশ্বাস বাড়বে। ওরা অনেক কিছু শিখতে পারবে। যা ওমানে কাজে দেবে।’