আগের দিন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস ও নিউজিল্যান্ডের খেলোয়াড় নিয়ে এসেছিল মোহামেডান। কিন্তু ক্লাব কাপ হকির গ্রুপ পর্বে মেরিনার্স ইয়াংসের সঙ্গে লড়াই করতে পারেনি। বিধ্বস্ত হয়েছে ৫-১ গোলে!
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে এই জয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলবে মামুন-উর-রশিদ শিষ্যরা। হেরে গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে খেলবে মোহামেডান।
আজ ম্যাচের শুরু থেকেই মোহামেডানকে চেপে ধরে মেরিনার্স। খেলার অষ্টম মিনিটে দলটির ভারতীয় প্রদীপ মোরের গোলে এগিয়ে যায় তারা। দারুণ ফিল্ড গোলে দলকে এগিয়ে নেন তিনি। সমতায় ফিরতে সময় নেয়নি সাদা-কালোরা। নিউজিল্যান্ডের চার্ল উলরিচের গোলে সমতায় ফেরে মোহামেডান। পরের মিনিটেই আবারও এগিয়ে যায় মেরিনার্স। অভিজ্ঞ ফরোয়ার্ড মাঈনুল ইসলাম কৌশিকের গোলে ২-১ ব্যবধানে লিড তাদের।
খেলার দ্বিতীয় কোয়ার্টার ছিল গোলশূন্য। তৃতীয় কোয়ার্টারের প্রথম মিনিটেই আবারও গোলমুখ খোলে মেরিনার্স। ৩১ মিনিটে দারুণ এক ফিল্ড গোলে দলের ব্যবধান ৩-১ এ বাড়িয়ে নেন মিলন। ৩৭ মিনিটে আবারও গোল উদযাপন মেরিনার্সের। পেনাল্টি কর্নার থেকে এবার গোল করেন দলের সবচেয়ে দামি খেলোয়াড় ডিফেন্ডার সোহানুর রহমান সবুজ।
এরপর খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে মাঈনুল ইসলাম কৌশিক মেরিনার্সের হয়ে আরও একটি গোল করে দলের ব্যবধান ৫-১ বাড়িয়ে নেন।