বাংলাদেশ হকি ফেডারেশনের (বিএইচএফ) নতুন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড পরিদর্শন করেছেন ইশতিয়াক সাদেক। এছাড়া আজ (৫ আগস্ট) একই দিনে দক্ষিণ আফ্রিকার কোচ জাইলস বনেটের সঙ্গে চুক্তিও হয়েছে।
ক্লাব পরিদর্শনকালে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর ইনচার্জ অব অ্যাডমিনিস্ট্রেশন লোকমান হোসেন ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এ সময় দেশের হকির সামগ্রিক উন্নয়ন, নিয়মিত ঘরোয়া লিগ আয়োজন এবং নতুন তরুণ খেলোয়াড় তৈরির পাশাপাশি ডিসেম্বরে ঢাকায় ৫ জাতি টুর্নামেন্ট আয়োজনের কথা জানান বিএইচএফ এর নতুন সাধারণ সম্পাদক।
দেশের হকিকে এগিয়ে নিতে মোহামেডানের মতো ঐতিহ্যবাহী ক্লাবগুলোর ভূমিকা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে ইশতিয়াক সাদেক বলেন, ‘‘চলতি বছরের ডিসেম্বরেই ঢাকায় আন্তর্জাতিক হকির একটি বড় আসর বসতে পারে। আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) সভাপতি তৈয়ব ইকরামের সঙ্গে বিএইচএফ সভাপতির সাম্প্রতিক সাক্ষাতে '৫ জাতির আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট' নিয়ে আলোচনা হয়েছে।’’
তিরি আরও বলেন, ‘‘বিষয়টি একদম প্রাথমিক পর্যায়ে থাকলেও আপনাদের জানিয়ে রাখি—সম্প্রতি ওমানে আমাদের ফেডারেশন সভাপতি এফআইএইচ সভাপতি তৈয়ব ইকরামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে ভালো আলোচনা হয়েছে এবং তিনি আশ্বস্ত করেছেন, ডিসেম্বরের শুরুতেই ঢাকায় একটি ৫ জাতির আন্তর্জাতিক হকি টুর্নামেন্ট হতে যাচ্ছে। এ বিষয়ে তার সঙ্গে আমাদের আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। খুব শিগগিরই আপনারা ভালো একটি খবর পাবেন।’’
এদিকে হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ইশতিয়াক সাদেক এবং দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত হকি কোচ জাইলস বনেটের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আরিফুল হক প্রিন্স ও কোষাধ্যক্ষ মিজানুর রহমান ডন।
অনূর্ধ্ব-২০ জুনিয়র এশিয়া কাপ এর প্রস্তুতি ক্যাম্প এবং মূল টুর্নামেন্ট পর্যন্ত জাইলস বনেট বাংলাদেশ অনূর্ধ্ব- ২০ পুরুষ হকি দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন।