‘পেনাল্টি কর্নার থেকে আরও বেশি গোল করা উচিত’

মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে রবিবার (২৩ আগস্ট) অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২০ হকি দলকে ৪-২ ব্যবধানে হারিয়েছে সিনিয়র দল। এশিয়ান গেমস ও জুনিয়র এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আয়োজিত এই ম্যাচে উভয় দলই নৈপুণ্য প্রদর্শন করেছে।

সিনিয়র দলের হয়ে পেনাল্টি কর্নার স্পেশালিস্ট মোহাম্মদ আশরাফুল ইসলাম দুটি এবং আমিরুল ইসলাম ও ওবায়দুল জয় একটি করে গোল করেন। অন্যদিকে, অনূর্ধ্ব-২০ দলের পক্ষে গোল দুটি করেন মোহাম্মদ আবদুল্লাহ এবং তৈয়ব আলী।

ম্যাচ শেষে মাঠের অভিজ্ঞতা ও কোচের পরিকল্পনা বাস্তবায়নে কতটা মুখিয়ে আছেন তা জানিয়েছেন গোলদাতা তৈয়ব আলী।

অন্যদিকে, সিনিয়র দলের অভিজ্ঞ খেলোয়াড় রোমান সরকার দলের রণকৌশল ও সামগ্রিক পারফরম্যান্স নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, ‘দল যেভাবে পরিকল্পনা করছে, সেই অনুযায়ী আমাদের খেলার উন্নতি হচ্ছে। তবে পেনাল্টি কর্নার থেকে আমাদের আরও বেশি গোল করা উচিত। এই জায়গাটিতে আমাদের ঘাটতি রয়েছে এবং আমরা এটি নিয়ে নিবিড়ভাবে কাজ করছি।’