মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারিয়েছে জাতীয় হকি দল। চার কোয়ার্টারের ম্যাচে শুরু থেকেই দাপট দেখিয়েছে অভিজ্ঞ সিনিয়র দল।
ম্যাচের চার কোয়ার্টারজুড়েই বল দখল ও আক্রমণে আধিপত্য ছিল জাতীয় দলের। অভিজ্ঞ খেলোয়াড়দের দ্রুত পাসিং ও আক্রমণাত্মক কৌশলের সামনে বারবার ভেঙে পড়ে অনূর্ধ্ব-২০ দলের রক্ষণভাগ।
জাতীয় দলের হয়ে ম্যাচের সবচেয়ে উজ্জ্বল পারফরম্যান্স ছিল আশরাফুল ইসলামের। একাই চার গোল করেছেন এই ডিফেন্ডার। এর আগে প্রস্তুতি ম্যাচগুলোতে তিন গোল করেছিলেন তিনি। এবার চার গোল করে দলের বড় জয়ে রাখলেন গুরুত্বপূর্ণ অবদান।
আশরাফুলের চার গোলের পাশাপাশি জাতীয় দলের হয়ে একটি করে গোল করেছেন আমিরুল, রকি, ইমন, মাহবুব ও অভিজ্ঞ রাসেল মাহমুদ জিমি। পুরো ম্যাচে সম্মিলিত আক্রমণে সিনিয়র দলের আধিপত্য ছিল স্পষ্ট।
বড় ব্যবধানে পিছিয়ে পড়লেও ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে অনূর্ধ্ব-২০ দল। জুনিয়র দলের হয়ে একাই প্রতিরোধ গড়ে তোলেন তরুণ ফরোয়ার্ড অভি। শেষ মুহূর্তে তার করা চমৎকার দুটি গোলে ব্যবধান কিছুটা কমে।