ভারতের কাছে ১৩ গোলে হারের লজ্জা বাংলাদেশের

চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ভারতের জলন্ধরে স্বাগতিক ভারতের কাছে এবার ১৩-০ গোলে হেরেছে জিমি-আশরাফুলরা। গত মাসে জাপানে এশিয়ান গেমসে ভারতের কাছে ১০-০ গোলে হেরেছিল লাল সবুজ দল। এক মাসের ব্যবধানে দুই ম্যাচে ২৩ গোল হজম করেছে গেরহার্ড পিটারের দল।

সাবেক হকি খেলোয়াড় তারেক আদেল সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ প্রকাশ করে লেখেন, ‘আমরা কবে বলতে শিখবো যে, আমরাও বাংলাদেশ; ছেড়ে কথা বলবো না।’ 

বাংলাদেশ প্রথম কোয়ার্টারে ৪ গোল হজম করে। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোল দিয়ে ভারত ৬-০ লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারে ভারত আরও ৩ গোল করে। শেষ কোয়ার্টারে আবার ৪ গোল দিলে বাংলাদেশ ১৩ গোলের লজ্জা নিয়ে মাঠ ছাড়ে।