ওমানের হকিতে বাংলাদেশের আমিরুল-রকি-বিপ্লব

ওমানের ঘরোয়া হকির বড় আসর ৫৬তম হিজ ম্যাজেস্টি’স হকি কাপ (ওমান কাপ) খেলতে যাচ্ছেন বাংলাদেশের তিন হকি খেলোয়াড়। ডিফেন্ডার আমিরুল ইসলাম, স্ট্রাইকার রকিবুল ইসলাম রকি ও গোলকিপার বিপ্লব কুজুর খেলবেন আল-ইত্তিহাদ স্পোর্টস ক্লাবের হয়ে।

আগামী ৮ থেকে ২৩ ডিসেম্বর মাসকাটে অনুষ্ঠিত হবে ৫৬তম আসরটি। এবারের প্রতিযোগিতায় অংশ নেবে ১৮টি ক্লাব। আল-ইত্তিহাদ স্পোর্টস ক্লাবের অবস্থান ওমানের ধোফার প্রদেশের সালালায়। দলটির হয়ে ছয়টি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাংলাদেশের তিন খেলোয়াড়।

বিদেশের মাটিতে নিজেদের সামর্থ্য প্রমাণের পাশাপাশি ভালো পারফরম্যান্সের প্রত্যাশা করছেন আমিরুল ইসলাম। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, এটা আমাদের জন্য ভালো সুযোগ। আমরা সেখানে পারফরম্যান্স দেখানোর সুযোগ পাবো। আশা করছি, ওমানে ভালো ফল করতে পারবো।

আন্তর্জাতিক ও ঘরোয়া হকিতে অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওমানের এই প্রতিযোগিতায় নিজেদের সেরাটা দিতে চান বাংলাদেশের তিন খেলোয়াড়। বিদেশের ক্লাবে খেলার এই সুযোগ তাদের ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দেশের হকির জন্যও ইতিবাচক।