শনিবার থেকে শুরু হতে যাওয়া সাত জাতি ইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফি হ্যান্ডবলের সাংগঠনিক কমিটির প্রধান পৃষ্ঠপোষক ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার এক সভা শেষে বলেন, ‘বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সুনাম ও আবেদন বিশ্বজনীন। আমরা বছরের পর বছর সুনামের সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক খেলার আসর আয়োজন করে আসছি। এখন পাকিস্তান-ভারতকে নিয়ে যে হ্যান্ডবল টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে তাতে দেশের ‘স্পোর্টিং স্পিরিট’ আবারও উঠে এসেছে।’
এসময় ওবায়দুল কাদের ক্রীড়ঙ্গনকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানান, ‘খেলাধুলার মাধ্যমে ছড়িয়ে পড়ে শান্তি ও সম্প্রিতির বাণী। রাজনীতি ঢুকে গেলে খেলাধুলা আর এগোয় না। আমরা ভারত ও পাকিস্তানকে বাংলাদেশে স্বাগত জানাই।’
কাদের আরও বলেন যে, বাংলাদেশে এখন ক্রীড়াঙ্গনের সবচেয়ে সুসময় চলছে, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলা ভালোবাসেন। আমি বিশ্বাস করি তার কাছে খেলাধুলা উন্নয়নের জন্য সাহায্য চাইলে তিনি তা ফিরিয়ে দেন না। হ্যান্ডবল যদি তার কাছে কোনও সাফল্য নিয়ে যেতে পারে তবে তা হবে তাদের উন্নতির সুযোগ।’
পাকিস্তান সম্পর্কে সরকারের দৃষ্টিভঙ্গী নিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই বলেছেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অব্যাহত আছে। তাই এটিকে ভিন্নভাবে দেখার প্রয়োজন নেই।’
/আরএম/এফআইআর/