দুই সেমিতেই বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ মহিলা হ্যান্ডবল দলইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্টের পুরুষ বিভাগ ও মহিলা উভয় বিভাগের সেমিফাইনালে বাংলদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। কাল বুধবার দুপুর ১২টায় মেয়েদের খেলা পল্টন ময়দানের ইনডোর স্টেডিয়ামে আর সাড়ে ১২টায় পুরুষরা খেলবে হ্যান্ডবল স্টেডিয়ামে। পুরুষদের অন্য সেমিফাইনালে লড়বে ভারত ও নেপাল। মহিলাদের দ্বিতীয় সেমিফাইনালে লড়বে শ্রীলঙ্কা ও নেপাল।

এদিকে আজ মঙ্গলবার পুরুষ বিভাগের প্রথম ম্যাচে নেপাল ৩২-২১ গোলে মালদ্বীপকে হারায়। প্রথমার্ধে বিজয়ী দল ১৭-১২ গোলে এগিয়ে ছিল। নেপালের পক্ষে চন্দ্র কেসি সর্বোচ্চ ৯ গোল ও মালদ্বীপের পক্ষে সর্বোচ্চ ৮ টি করে গোল করেন আহমেদ সাইফ ও ফিরন।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৪৪-২০ গোলে আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিতে নাম লেখায়। প্রথমার্ধে তারা ২২-১২ গোলে এগিয়ে ছিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১১ টি গোল করেন মোহাম্মদ বিল্লাল এবং আফগানদের হয়ে মোহাম্মদ শাহির সর্বোচ্চ ৮ টি গোল করেন।

তৃতীয় ম্যাচে বাংলাদেশ ৪৬-১৭ গোলে  শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠে। প্রথমার্ধে তারা ২৩-৯ গোলে এগিয়ে ছিল।‘এ’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।

এছাড়া মহিলা বিভাগের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রতিপক্ষ আফগানিস্তানকে ২৪-০৭ গোলে হারিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে। প্রথমার্ধে লাল সবুজরা ১৬-২ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের পক্ষে রুবিনা ৯ টি, শিফা ও মাসুদা ৫ টি করে, রহিমা ও পুর্নিমা ৪ টি করে, শাহিদা বানু, পারুল ও শাহিনা আক্তার দুটি করে এবং চায়না আক্তার একটি গোল করেন। আফগানদের হয়ে হুমায়রা তিনটি, নাজনিন ও উনাব কাদরি দুটি করে গোল করেন।

দ্বিতীয় ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ মিনিটে গোল করে পাকিস্তান জয় নিশ্চিত করে। তারা ২১-২০ গোলে নেপালকে হারিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠে। প্রথমার্ধে ১২-৯ গোলে এগিয়ে ছিল পাকিস্তান। বিজয়ী দলের শেহার ইকবাল সর্বোচ্চ ৮ টি গোল করেন। নেপালের লক্ষ্মীবাইও সর্বোচ্চ ৮ টি গোল করেন।

তৃতীয় ম্যাচে শক্তিশালী ভারত ৫১-১৩ গোলে অপেক্ষাকৃত দুর্বল দল মালদ্বীপকে হারিয়ে গ্রুপ ‘বি’ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে উঠে। প্রথমার্ধে তারা ২৩-০৫  গোলে এগিয়ে ছিল। ভারতের পক্ষে সর্বোচ্চ ৯ গোল করেন মনিকা।

/আরএম/এফআইআর/