নিয়াজের শিরোপা, শিরোপার নিয়াজ

নিয়াজের (ডান থেকে তৃতীয়) হাত ধরে অভিষেকে শিরোপা জিতলো পুলিশশিরোপা জিততে শেষ রাউন্ডে দরকার ছিল ড্র। তবে ড্র নয়, জয় নিয়েই শিরোপা উৎসবে মেতেছে বাংলাদেশ পুলিশ দল। প্রিমিয়ার দাবা লিগে অভিষেকেই চ্যাম্পিয়ন হয়েছে নিয়াজ মোরশেদ-রানী হামিদদের নিয়ে গড়া দলটি। মঙ্গলবার শেষ রাউন্ডে পুলিশ ৩.৫-০.৫ পয়েন্টে হারিয়েছে জনতা ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার সোসাইটিকে।

দেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ছাড়াও চ্যাম্পিয়ন দলের হয়ে খেলেছেন জর্জিয়ার গ্র্যান্ডমাস্টার যোবাভা বাহাদুর ও গ্র্যান্ডমাস্টার মিখাইল মেচডলিশভ্যালি, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদে মাস্টার মোহাম্মদ আবদুল মালেক।

অভিষেকেই শিরোপা জিতে নিয়াজ মোরশেদ উচ্ছ্বসিত, ‘এ নিয়ে চতুর্থ দলের হয়ে শিরোপাস্বাদ পেলাম। এর আগে শেখ রাসেল, সাইফ স্পোর্টিং এবং বেঙ্গল চেস ক্লাবের দল গড়ে জিতেছিলাম। তবে এবার কাজটা কঠিন ছিল।’

ভবিষ্যতেও পুলিশ দল দাবায় থাকবে, এমন আশাবাদ  নিয়াজের, ‘বাংলাদেশ পুলিশ একটা ইনস্টিটিউশন। তাদের অনেক রিসোর্স আছে। এরকম দল দাবায় আসলে ভাল হবে। আশা করছি পুলিশ দাবায় দীর্ঘদিন টিকে থাকবে ।’

শেষ রাউন্ডের খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব ৪-০ পয়েন্টে সোনারগাঁও চেস ক্লাবকে হারায়। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব হয় তৃতীয়। পয়েন্ট টেবিলের নিচের দিকে থাকা দুই দল সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও সোনারগাঁও চেস ক্লাব প্রথম বিভাগে নেমে গেছে।

রোল অব অনার

সাল         চ্যাম্পিয়ন       রানার্সআপ

২০১১     মোহামেডান     বাংলাদেশ বিমান

২০১২     মোহামেডান     দুরন্ত রাজশাহী

২০১৩    মোহামেডান    নৌবাহিনী

২০১৪     নৌবাহিনী       মোহামেডান

২০১৫    শেখ রাসেল     নৌবাহিনী

২০১৬   সাইফ স্পোর্টিং    শেখ রাসেল

২০১৭    বেঙ্গল চেস ক্লাব   সাইফ স্পোর্টিং

২০১৮   সাইফ স্পোর্টিং    নৌবাহিনী

২০১৯   বাংলাদেশ পুলিশ   সাইফ স্পোর্টিং