এবারের আসরে নৌ বাহিনী দাবা দলে খেলছেন বাংলাদেশের তিন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন রাজিব। নৌ বহিনী দলে আসতে পারেন আরও একজন বিদেশি গ্র্যান্ডমাস্টার। তবে ছেড়ে কথা বলবে না শেখ রাসেলও। উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদকে নিয়ে দল গঠন করেছে তারা। সঙ্গে আছেন তার বন্ধু ভারতীয় গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া। তবে এ মুহূর্তে ভারতীয় দাবা অঙ্গনের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় হিসেবে বিবেচিত দীপ্তায়ন ঘোষ হতে পারেন প্রিমিয়ার ডিভিশন দাবার আরেক আলোচিত নাম। ২৫৫০ রেটিং নিয়ে তিনি হতে পারেন লিগের সর্বাধিক রেটিংয়ের খেলোয়াড়। শেখ রাসেলের হয়ে খেলবেন তিনিও।
২০০৮ সালে অনূর্ধ্ব-১০ এশিয়ান চ্যাম্পিয়ন, ২০১৩ ও ১৪ সালে পরপর দুইবার অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডে ভারতকে শিরোপা পাইয়ে দেওয়া দীপ্তায়ন তার আক্রমণাত্মক খেলার জন্যই বেশ আলোচিত।
শুধু দীপ্তায়নই নন, আলো ছড়াতে পারেন ভারতের বর্তমান অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়ন রাজদ্বীগ সরকার। তিনি খেলবেন তিতাস ক্লাবের হয়ে। ভারতের আন্তর্জাতিক মহিলা মাস্টার সাহেলি ধরও আছেন তিতাসে।
গোল্ডেন চেস ক্লাবের ব্যানারে খেলবেন আবু সুফিয়ান শাকিল, দেবরাজ চ্যাটার্জি। স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে তারাও আনছে বিদেশি খেলোয়াড়।
এবার ‘ওয়ালটন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে’ ১০টি দল অংশ নিচ্ছে। দলগুলো হল- বাংলাদেশ নৌবাহিনী (বর্তমান চ্যাম্পিয়ন), ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, তিতাস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী জুনিয়র দাবা দল, প্রিতম প্রিজম চেস ক্লাব, শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব, লিওনাইন চেস ক্লাব, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব এবং গোল্ডেন স্পোর্টিং ক্লাব।
/এফআইআর/