আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ভারতের তিন শিরোপা

Badminton pixইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন চ্যালেঞ্জে ভারতীয় শাটলাররা আধিপত্য দেখিয়েছেন।পুরুষ ও মহিলা একক, পুরুষ দ্বৈতের শিরোপা জিতে নিয়েছেন তারা। মহিলা দ্বৈত ও মিশ্র দ্বৈতের শিরোপাগুলো জিতেছেন থাইল্যান্ড ও সিঙ্গাপুরের শাটলাররা।
শনিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে পাঁচটি ফাইনাল অনুষ্ঠিত হয়। পুরুষ এককে ভারতের সাই প্রণীত ২-১ সেটে স্বদেশী সমীর বার্মাকে হারিয়ে শিরোপা জেতেন।
মহিলা এককে ভারতের গাদ্দে রাথভিকা শিবানী ২-১ সেটে আমেরিকার আইরিশ ওয়াংকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। পুরুষ দ্বৈতে ভারতের প্রন্নয় জেরি চোপরা ও অক্ষয় দেওয়ালকর জুটি ২-০ সেটে মালয়েশিয়ার চী তিন তান ও উই গ্লিন তান জুটিকে হারিয়ে শিরোপা জেতেন। মহিলা দ্বৈতে থাইল্যান্ডের চালাদচালাম চয়নিত ও ফাতেমাস মিউনওং জুটি ২-০ সেটে মালয়েশিয়ার উইন লো লিম ও মেং ইয়েন লি জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। মিশ্র দ্বৈতে সিঙ্গাপুরের ইয়ং কাই টেরি হি ও উই হান তান জুটি ২-১ সেটে মালয়েশিয়ার উই গ্লিন তান ও শেভন জেমাই লাই জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। এ সময় ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতি আবদুল মালেক, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব আশিকুর রহমান মিকু ও ফেডারেশনের সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা উপস্থিত ছিলেন।

/আরএম/এফআইআর/