স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাবিতে ‘বঙ্গবন্ধু হাফম্যারাথন’

বঙ্গবন্ধু হাফ ম্যারাথন ছবি‘তারুণ্যের রক্ত শপথে বিজয়ীর বেশে, বঙ্গবন্ধু ফিরলেন স্বদেশে’-এই প্রতিপাদ্যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ‘বঙ্গবন্ধু হাফম্যারাথন’আয়োজন করতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে এ ম্যারাথন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেবেন।

অংশগ্রহণের জন্য গত ৩ জানুয়ারি অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, চলবে আগামীকাল রবিবার পর্যন্ত। মোট ১৫০ জন ম্যারাথনে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

আয়োজন সংশ্লিষ্ট আইন অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘এ আয়োজনের মাধ্যমে আমরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করব, বাংলাদেশের আপামর জনতা ঠিক যেমন আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছিল ১৯৭২ সালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনে । আমরা এই ম্যারাথনের মাধ্যমে পুরো ক্যাম্পাসকে আনন্দমুখর রাখতে চাই।’

যারা পুরো ম্যারাথন শেষ করতে পারবে তাদের সবাইকে মেডেল ও সার্টিফিকেট দেওয়া হবে, তবে প্রথম তিনজন ছেলে ও মেয়েকে ক্রেস্টসহ মেডেল ও সার্টিফিকেট দেওয়া হবে।

ওইদিন ম্যারাথন শেষে সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠেয় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।