করোনা ভাইরাস আতঙ্কে বঙ্গবন্ধু ভলিবল স্থগিত

ভলিবলসারা বিশ্ব এখন করোনা ভাইরাস আতঙ্কে। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এরই মধ্যে বেশ কিছু প্রতিযোগিতা স্থগিত হয়েছে। বাংলাদেশেও এই আতঙ্কে ইসলামিক সলিডারিটি আর্চারি আপাতত হচ্ছে না। সর্বশেষ বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন ভলিবলও স্থগিত হয়েছে। যা আগামী ২২ থেকে ২৮ মার্চ ঢাকায় হওয়ার কথা ছিল। এখন তা ৬ মাস পিছিয়ে দেওয়া হয়েছে।

মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও ভুটানের অংশ নেওয়ার কথা ছিল প্রতিযোগিতায়।

কিন্তু অংশগ্রহণকারী দলগুলোর আপত্তির কারণে তা হচ্ছে না। ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেছেন, ‘করোনা ভাইরাসের কারণে আমরা অংশগ্রহণকারী দেশসমূহের কাছ থেকে ইতিবাচক সাড়া পাইনি। শ্রীলঙ্কা তো চিঠি দিয়ে জানিয়েছে তারা আসতে পারবে না। অন্য দেশও মৌখিকভাবে অবহিত করেছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতিযোগিতাটি মার্চে নয়, সেপ্টেম্বরে হবে। স্পন্সরজনিত জটিলতাও আছে।’

জাতীয় ভলিবল দলের অধিনায়ক হরষিত বিশ্বাস শুধু বঙ্গবন্ধু সেন্ট্রাল জোন ভলিবল নয়, এবিসি চ্যালেঞ্জ কাপ নিয়েও ভাবছেন, ‘নিজেদের মাঠে বঙ্গবন্ধু ভলিবলে ভালো ফল করার সুযোগ আছে। ২০১৬-তে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার ট্রফি জেতার চ্যালেঞ্জ। এছাড়া এবিসি চ্যালেঞ্জ কাপ আছে। এপ্রিলে বাংলাদেশ গেমসের পর আমরা হয়তো দুই প্রতিযোগিতাকে সামনে রেখে ‍দুই মাসের জন্য ইরানে প্রস্তুতি নিতে যেতে পারি।’