আপাতত বিমান বাহিনীর তত্ত্বাবধানে চলছে ফিটনেস ট্রেনিং। বিশেষ করে, যারা সার্ভিসেস দলের বাইরে আছে তাদের নিয়েই হচ্ছে এই কর্মসূচি। এরপর তাদের নিয়ে দীর্ঘমেয়াদে অনুশীলন হবে। হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘অনূর্ধ্ব-২১ দল নিয়ে আমরা অক্টোবরের শুরু থেকে দীর্ঘমেয়াদে প্রস্তুতি শুরু করবো, চলবে জানুয়ারি পর্যন্ত। আমরা তাদের নিবিড় অনুশীলনের মধ্যে রাখতে চাই যেন ঢাকার প্রতিযোগিতায় ভালো ফল আসে।’
এই দলটির আট খেলোয়াড়ের বয়স নিয়ে জটিলতা ছিল। তবে সেটাও কেটে গেছে। ইউসুফ বলেছেন, ‘আমরা এশিয়ান হকি ফেডারশন থেকে মৌখিকভাবে জানতে পেরেছি যাদের বয়স জানুয়ারিতে ২১ বছর অতিবাহিত হয়ে যাবে, তারাও খেলতে পারবে। করোনা পরিস্থিতির কারণে তা হচ্ছে। তাই আমরা এখন কিছুটা নির্ভার।’