কয়েক দিন ধরে তাজউদ্দীন উডেন ফ্লোরে অনুশীলন করছিলেন ইংল্যান্ড প্রবাসী মুরহাদ হোসেন। যার লক্ষ্য ঘরোয়া প্রতিযোগিতার মাধ্যমে একসময় লাল-সবুজ জার্সিতে খেলা। তাই আজ থেকে শুরু হওয়া টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশও নিয়েছেন। কিন্তু প্রতিযোগিতা উদ্বোধনের আগেই শুনতে হলো দুঃসংবাদ। উডেন ফ্লোরের চেয়ারের ওপরে থাকা নিজের ব্যাগ থেকে মূল্যবান অনেক কিছুই চুরি গেছে তার!
৩০ বছর আগে থেকে বাবা মোকাদ্দেস হোসেন বাংলাদেশের সিলেটের জালালাবাদ ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমিয়েছিলেন। সেখানেই জন্ম মুরহাদের। এখন পরিবারের সবাই সেখানে স্থায়ীভাবে বসবাস করেন। আর ছোটবেলা থেকে খেলা অন্তঃপ্রান মুরহাদ জানালেন, টেবিল টেনিস ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেই ঢাকায় এসেছেন। আসার পর উডেন ফ্লোর জিমনেসিয়ামে আবাসিক ক্যাম্পে অন্যদের সঙ্গে থাকছেন। কিন্তু এখানেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গেলো!
এ নিয়ে তাই ভীষণ হতাশ মুরহাদ। বাংলা ট্রিবিউনকে বলেছেন,‘আমার ব্যাগে থাকা প্রায় সবকিছুই হারিয়ে ফেলেছি। অর্থ, মোবাইল, ক্রেডিট কার্ড ও ল্যাপটপের চার্জার ছিল এরমধ্যে। আসলে এমনটি কল্পনাও করিনি যে, এভাবে কেউ সব কিছু নিয়ে যাবে।ভাগ্যক্রমে আমার ল্যাপটপ হারায়নি।’
বাংলাদেশে খেলতে এসে শুরুতে বড় ধাক্কা খেলেও মুরহাদ পিছু হটছেন না। স্বপ্ন তার লাল-সবুজের প্রতিনিধিত্ব করা। এখনও তা অটুট আছে, ‘আমার লক্ষ্য বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা। এখনও সেই স্বপ্ন আছে। আমি সেই লক্ষ্যেই বাংলাদেশে এসেছি। এর জন্য সবরকমের চেষ্টা করে যাবো।’
টেবিল টেনিস ফেডারেশনও তার পাশে এসে দাঁড়িয়েছে। ফেডারেশনের সহ-সভাপতি খন্দকার হাসান মুনীর বলেছেন,‘আমি নিজেই মুরহাদের পাশে এসে দাঁড়িয়েছি। ওর জন্য সবরকমের সাহায্য সহযোগিতা করে যাচ্ছি। আশা করছি সামনের দিকে আর সমস্যা হবে না। সিসি ক্যামেরা দিয়ে মুরহাদের জিনিসপত্র কে চুরি করেছে, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি।’