দিল্লির বিশ্বকাপে ব্যর্থ বাকীরা

টোকিও অলিম্পিকে সরাসরি খেলার জন্য দিল্লির বিশ্বকাপ শুটিংয়ে ভালো করতে হতো বাংলাদেশের শুটারদের। কিন্তু সেখানে ব্যর্থ হয়েছেন আব্দুল্লাহ হেল বাকী-রাব্বী হাসান মুন্নারা। নিজেদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সেরা আটে তারা উঠতেই পারেননি।

দিল্লিতে শুক্রবার বাছাইয়ে ৬২৪.৭ স্কোর গড়ে ৩৯ প্রতিযোগীর মধ্যে ১৮তম হয়েছেন রাব্বী। আর ৬২৪.৫ স্কোর নিয়ে ১৯তম হন দুটি কমনওলেথ গেমসে রুপা জেতা বাকী। বাছাইয়ে সর্বোচ্চ ৬৩২.১ স্কোর গড়েছেন দক্ষিণ কোরিয়ার নাম তায়েউন।

ছেলেদের মতো মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টেও বাংলাদেশ ব্যর্থ হয়েছে। সৈয়দা আতকিয়া হাসান দিশা ৬১৮.৩ স্কোর গড়ে ৩৯তম, ফারবিন চৌধুরী রিথিকা ৬১৭.৪ স্কোর গড়ে ৪২তম ও শারমিন আক্তার রত্না ৬০৮.৮ স্কোর গড়ে ৪৬তম হয়েছেন। এই ইভেন্টে প্রতিযোগী ছিলেন ৪৮ জন। তবে ব্যক্তিগত ইভেন্টে ব্যর্থ হলেও দলীয় বিভাগে এই তিনজন ১৮৪৪.৫ স্কোর করে সেরা আটে জায়গা করে নিয়েছেন। কাল শনিবার এয়ার পিস্তলসহ অন্য ইভেন্টের খেলা রয়েছে।