স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে দেশে প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। আগামী ২৮ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ঢাকায় হবে এই প্রতিযোগিতা। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, পোল্যান্ড, নেপাল ও কেনিয়া অংশ নিচ্ছে। এই প্রতিযোগিতায় শিরোপার চোখ রাখা বাংলাদেশের ‘ভয়’ শ্রীলঙ্কাকে নিয়ে!
পাঁচ দলের বঙ্গবন্ধু কাপ কাবাডিতে প্রত্যেককে একে অন্যের বিপক্ষে লড়বে। এরপর শীর্ষ দুটি দলের মধ্যে হবে ফাইনাল। জায়গা বড় বিধায় খেলা হবে ভলিবল স্টেডিয়ামের কোর্টে। প্রতিযোগিতাকে সামনে রেখে সোমবার কাবাডি ফেডারেশন লোগো উন্মোচনসহ নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেছেন, ‘এই প্রথমবারের মতো কাবাডি ফেডারেশন বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে। এতে করে দেশের কাবাডি আরও এগিয়ে যাবে। নতুন করে জাগরণ সৃষ্টি হবে। আমরা নিজেদের মাঠে বঙ্গবন্ধু কাপে শিরোপা জিততে চাই। এটাই আমাদের লক্ষ্য।’
এই প্রতিযোগিতা সামনে রেখে ১০ মার্চ থেকে ভারতীয় কোচ সাজুরাম গয়ালের অধীনে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। নিজেদের কোর্টে খেলা বলে শিরোপায় চোখ রাখছে মাসুদ করিম-আরদুজ্জামান মুন্সিরা।
অধিনায়ক মাসুদ করিম বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের প্রস্তুতি খারাপ নয়। ভারতীয় কোচের অধীনে অনুশীলন চলছে। বঙ্গবন্ধু কাপে চ্যাম্পিয়ন হতে চাই আমরা। তবে অন্য দলগুলোর পাশাপাশি শ্রীলঙ্কা আমাদের অন্যতম বাধা। এশিয়ান গেমসে তাদেরকে হারিয়েছিলাম। আবার এসএ গেমসে তাদের কাছে হেরেছি। দেখা গেছে অল্প ভুলের কারণে আমরা হেরে যাই। তবে আমরা আশাবাদী এবার আর সেই ভুলগুলো হবে না। আমরা শিরোপা জিততে পারবো।’