দুই কেজি বেশি তুলেও ব্যর্থ বাংলাদেশের জিয়ারুল

নেপালের এসএ গেমস ভারোত্তোলনে সোনা জিতেছিলেন বাংলাদেশের জিয়ারুল ইসলাম। সেই গেমসের পর উজবেকিস্তানে এশিয়ান চ্যাম্পিয়নশিপে আগের চেয়ে দুই কেজি বেশি তুলেছেন জিয়ারুল। কিন্তু শীর্ষ আটের মধ্যে থাকতে পারলেন না, হয়েছেন নবম! অথচ নেপালে ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৬২ কেজি তুলেছিলেন।

শনিবার জিয়ারুল তাসখন্দে অংশ নেন ১০২ কেজি ওজন শ্রেণিতে। সেই ইভেন্টে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২৬৪ কেজি তুলেছেন তিনি। এই ইভেন্টে ইরানের রসুল মোতামেদি সব মিলিয়ে ৪০০ কেজি তুলে সোনা জিতেছেন। কাতারের ফারেস ইব্রাহিম ৩৯৬ কেজি তুলে পেয়েছেন রুপা। ব্রোঞ্জ জিতেছেন কাজাখস্তানের ভারোত্তোলক ৩৯০ কেজি তুলে।

একই প্রতিযোগিতায় শুক্রবার বাংলাদেশের আরেক প্রতিযোগী কাজী মনিরাও সাফল্য পাননি। মেয়েদের ৮১ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ১৫৫ কেজি তুলে তিনি অষ্টম হয়েছিলেন।