দিনকয়েক আগে শুটিংয়ে এয়ার রাইফেল ইভেন্টে ইরানি কোচ এসেছেন। জায়ের রেজাই আগামী তিন বছরের জন্য আব্দুল্লাহ হেল বাকী-রাব্বী হাসান মুন্নাদের কোচিং করাবেন। সুখবর হলো, এরই মধ্যে নতুন কোচের স্পন্সর পেয়ে গেছে ফেডারেশন। তিন বছর ইরানি কোচের মাসিক বেতন ৬ হাজার ৫০০ ডলার ছাড়াও বিদেশ যাওয়ার ব্যয় বহন করবে পদ্মা ব্যাংক। আজ (শনিবার) শুটিং স্পোর্ট ফেডারেশনের কার্যালয়ে এক অনুষ্ঠানে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।
অনুষ্ঠানে ফেডারেশনের সভাপতি লে. জেনারেল আতাউল হাকিম সারোয়ার হোসেন, মহাসচিব ইন্তেখাবুল হামিদ ও পদ্মা ব্যাংকের চীফ অপারেটিং অফিসার জাবেদ আমিনসহ অন্যরা ছিলেন।
জায়ের-রেজাই আন্তর্জাতিক শুটিং স্পোর্ট ফেডারেশন কতৃক লাইসেন্সপ্রাপ্ত রাইফেল কোচ। বাংলাদেশে আসার আগে তিনি ইরান জাতীয় শুটিং দলের কোচিং করিয়েছেন। সেখানে কোচিংয়ে সম্পৃক্ত থাকাকালীন ৩৯টি আন্তর্জাতিক পদক ও দুটি অলিম্পিক কোটা অর্জন করে ইরান জাতীয় শুটিং দল।