বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও পপুলার লাইফ ইনস্যুরেন্স-এর পৃষ্ঠপোষকতায় আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে চারদিন ব্যাপী পপুলার লাইফ ইনস্যুরেন্স ঢাকা মহানগরী উন্মুক্ত মহিলা ভলিবল প্রতিযোগিতা।
এবারের আসরে মোট ৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস(বিইউপি), ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও ওয়ারী ক্লাব।
পল্টন ভলিবল স্টেডিয়ামে শুক্রবার বিকেল সাড়ে তিনটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব অশোক কুমার বিশ্বাস।
প্রতিযোগিতা উপলক্ষে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন বিওএ'র উপমহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পপুলার লাইফ ইনস্যুরেন্স এর প্রতিনিধি আলমগীর ফিরোজ, মহিলা ভলিবল টুর্নামেন্ট কমিটির সম্পাদক নিবেদীতা দাস, সহসভাপতি নয়না চৌধুরী প্রমুখ।
উল্লেখ্য গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলো বিজেএমসি (লাল), রানার্স আপ নবজাগরনী সংঘ এবং তৃতীয় হয়েছিলো বিজেএমসি(সবুজ)।
/আরএম/এমআর/