থাইল্যান্ডের ফুকেটে চলছে এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের স্টেজ ওয়ান প্রতিযোগিতা। আর্চারির এই টুর্নামেন্টে মেয়েদের রিকার্ভ এককে দারুণ পারফরম্যান্স বাংলাদেশের দিয়া সিদ্দিকী ও নাসরিন আক্তারের। সেমিফাইনালে বাধা পেরিয়ে দুজনই জায়গা করে নিয়েছেন ফাইনালে। তাতে করে আর্চারির এই ইভেন্টে সোনার পাশাপাশি রুপাও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের।
আজ (বৃহস্পতিবার) মেয়েদের বিভাগে প্রি-কোয়ার্টার ফাইনালে স্বদেশি সুলতানা ফাহমিদা নিশাকে ৬-২ সেট পয়েন্টে হারানোর পর কোয়ার্টার-ফাইনালে ভারতের ঋধিকে ৬-৪ সেট পয়েন্টের ব্যবধানে হারান দিয়া। এরপর সেমিফাইনালে ভারতের আরেক প্রতিযোগী পুনিয়া তিশাকে ৭-৩ সেট পয়েন্ট হারিয়ে ফাইনালে ওঠেন নীলফামারী থেকে উঠে আসা এই আর্চার।
অন্যদিকে নাসরিন শেষ ষোলোয় ৬-২ সেট পয়েন্টে হারান কাজাখস্তানের পুনিকার জংক্রাজাকে। কোয়ার্টার ফাইনালে ভারতের হেমব্রম লক্ষ্মীর বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর নাসরিন জয় পান ৬-৫ সেট পয়েন্টে। সেমিফাইনালেও তিনি ৬-৫ ব্যবধানে জয় তুলে নেন মালয়েশিয়ার ফোজি নুরের বিপক্ষে।
দিয়া-নাসরিনরা দৃষ্টি কাড়লেও রোমান সানা হতাশ করেছেন। দেশের এই তারকা আর্চার ছিটকে গেছেন রিকার্ভ পুরুষ এককের শেষ ষোলো থেকে। আরেক আর্চার হাকিম আহমেদ রুবেলও ছিটকে গেছেন সেমিফাইনাল থেকে।
রিকার্ভ পুরুষ এককে শেষ ষোলোর লড়াইয়ে রোমান ৭-৩ সেট পয়েন্ট হেরে যান ইরানি প্রতিপক্ষ রেজা শাবানির কাছে। আর সেমিফাইনালে কাজাখস্তানের দৌলেতকেলদি ঝাংবিরবের কাছে ৬-০ হারেন রুবেল।