আন্তর্জাতিক রেটিং দাবায় দুই গ্র্যান্ডমাস্টারের জয়

আজ (সোমবার) শুরু হয়েছে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা। দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষ ও জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলাস্থ সভাকক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দু্জন গ্র্যান্ড মাস্টার, দুজন আন্তর্জাতিক মাস্টার, ছয়জন ফিদে মাস্টার, একজন মহিলা ফিদে মাস্টার ও সাতজন ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ১৩৭ জন অংশ নিয়েছেন। 

প্রথম রাউন্ডের খেলা শেষে ৬৫ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেন। এরমধ্যে  গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আল সাহিদকে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব সাইফকে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ মালেককে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ মনিরকে, ফিদে মাস্টার পরাগ আলোকে, ফিদে মাস্টার আমিন ফারুক মাঝিকে ও ক্যান্ডিডেট মাস্টার শরীফ মৃদুলকে হারান।

এছাড়া জিতেছেন নোশিনসহ অন্যরা। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় বিজয়ীদের মোট ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।

এর আগে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির সিনিয়র নির্বাহী পরিচালক ও এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় ফেডারেশনের অন্য কর্মকর্তারাও ছিলেন।