তুরস্কের আন্তালায় আর্চারি বিশ্বকাপে (স্টেজ-১) পুরুষ রিকার্ভের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে সাফল্য পেয়েছেন রোমান সানা-হাকিম আহমেদ রুবেলরা।
র্যাঙ্কিং রাউন্ডে সাদামাটা থাকলেও এলিমিনেশন রাউন্ডে এসে রোমান সানা, সাগর ইসলাম, মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলের ইতিবাচক পারফরম্যান্স ছিল। এই ত্রয়ী দাপটের সঙ্গে জিতে রিকার্ভ পুরুষ এককের শেষ বত্রিশে জায়গা করে নিয়েছেন।
এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে গ্রেট বৃটেনের জেমস উডগেটকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেন রোমান। আর মরক্কোর প্রতিযোগী ওমর বসুনিয়ার বিপক্ষে ৭-১ সেটে পয়েন্টে জেতেন সাগর। বাংলাদেশের আরেক প্রতিযোগী রুবেল ক্রোয়েশিয়ার লোভরো সেরনির বিপক্ষে জিতেন ৬-২ ব্যবধানে।
রিকার্ভ পুরুষ দলগত বিভাগে এই তিনজন অবশ্য সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি। সেরা আটে ওঠার লড়াইয়ে বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে হেরে যায় ক্রোয়েশিয়ার কাছে।
রিকার্ভ মেয়েদের দলগত বিভাগেও বাংলাদেশ ভালো করতে পারেননি। বাই পেয়ে সেরা চারে ওঠার লড়াইয়ে ৬-২ সেট পয়েন্টে ইতালির কাছে হেরেছে নাসরিন আক্তার-ফামিদা সুলতানা নিশা-দিয়া সিদ্দিকীদের নিয়ে গড়া দল।