অলিম্পিক, এশিয়ান গেমস, কমনওয়েলথে তেমন প্রত্যাশা থাকে না। সকল আশা-ভরসা এসএ গেমসকে ঘিরেই।
বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বলেন, 'গতবার বাংলাদেশের ১৮টি স্বর্ণপদকের মধ্যে কারাতে ডিসিপ্লিনে চারটি, গলফে দুটি ও ক্রিকেটে একটিসহ মোট ৭টি স্বর্ণপদক এসেছিল। এবারের আসরে ওই ইভেন্টগুলো না থাকায় পদক সম্ভাবনার দিক থেকে আমরা এমনিতে পিছিয়ে থাকছি।'
গেমসগুলোতে বাংলাদেশের সম্ভাবনা মানেই শ্যুটিং। কমনওয়েলথে রৌপ্য জয়ী বাকিকে ঘিরেই প্রত্যাশা। তবে বাকিকে স্বর্ণ পদকের জন্য চাপমুক্ত রাখছেন শ্যুটিংয়ের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ অপু। তিনি বলেন, 'এবার শ্যুটিং দল ১১টি ইভেন্টে অংশ নিচ্ছে। অন্যবারের তুলনায় এবার বেশি পদক আসবে বলে আশা করছি। এর মধ্যে পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ভাল করার বিষয়ে আমরা বেশি আশাবাদী।’
২০১০ এসএ গেমসে রত্না খুব ভালো পারফরম্যান্স করেছিলেন। তার অনুপস্থিতির কারণ সম্পর্কে সাধারণ সম্পাদক বলেন, 'শৃঙ্খলাভঙ্গের কারণে সে এবার দলে নেই। তাছাড়া অনেকগুলো আন্তর্জাতিক আসরে তাকে সুযোগ দেওয়া হলেও তার পারফরম্যান্স আশানুরূপ নয় । শ্যুটিংয়ের মতো এবার পদকের সম্ভাবনায় ডিসিপ্লিনের মধ্যে রয়েছে আরচ্যারি, বক্সিং, তায়কোয়ানদো।
আরচ্যারির সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল বলেন, 'আমাদের খেলা শিলংয়ে। সেখান থেকে আমি ঘুরে এসেছি। আবহাওয়ার কারণে আমি স্পষ্টভাবে বলতে পারব না আমরা পদক জিতবই।’
মাদার স্পোর্টস হিসেবে খ্যাত অ্যাথলেটিকস। দক্ষিণ এশিয়ার তিন বার দ্রুততম মানবের খেতাব জিতেছিল বাংলাদেশ। এবার দ্রুততম মানব নয় অ্যাথলেটিকস কোনও ইভেন্টেই স্বর্ণের আশা করছেন না খোদ সাধারণ সম্পাদক ইব্রাহিম চেঙ্গিস। তিনি বলেন, স্বর্ণপদকের জন্য যে মানের প্রয়োজন, আমরা সেই মানে নেই।’ অ্যাথলেটিকসে বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান প্রবাসী অ্যাথলেট এলিডা শিকদারকে নিয়ে খানিকটা আশা দেখছে ফেডারেশন। গেমসের সময় তিনি আসবেন বলে আশ্বাস দিয়েছেন। শেষ পর্যন্ত আসেন কিনা তা নিয়েও সংশয় রয়েছে।
এসএ গেমসকে সামনে রেখে গত আগস্ট থেকে বিওএর উদ্যোগে বিভিন্ন ফেডারেশন তাদের প্রস্তুতিপর্ব শুরু করে। এবারের আসরে আরচ্যারি, অ্যাথলেটিকস, বক্সিং, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কাবাডি শ্যুটিং, সুইমিং, ভলিবল, তায়কোয়ানদো, ভারোত্তোলন, কুস্তি, সাইক্লিং, বাস্কেটবল, হ্যান্ডবল, ফুটবল, জুডো, টেনিস, হকি, খো খো, উশু ও স্কোয়াশসহ ২২টি ডিসিপ্লিনে অংশ নিচ্ছে বাংলাদেশ।
রবিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিএও’র উপ-মহাসচিব ও বাংলাদেশ দলের শেফ দ্য মিশন আশিকুর রহমান মিকু ও এসএ গেমসে অংশ নেওয়া ফেডারেশনগুলোর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/এমআর/