ক্রীড়া সাংবাদিক উত্তম কুমার মজুমদার আর নেই

একসময় সক্রিয় ক্রীড়া সাংবাদিকতা করলেও শেষ দিকে এসে ফ্রিল্যান্স কাজ করতেন উত্তম কুমার মজুমদার। আজ (সোমবার) সকালে কাজে বেরিয়ে দুপুরে বাসায় এসে অস্বস্তিবোধ করছিলেন তিনি। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে ঢাকা মেডিক্যালে নিলেও বাঁচাতে পারেননি। পথেই শেষ নিশ্বাস ছেড়েছেন ৫১ বছর বয়সী এই সাংবাদিক।

বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) সদস্য উত্তম কুমার মৃত্যকালে স্ত্রী, এক ছেলে ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল (মঙ্গলবার) সকালে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

জীবদ্দশায় তিনি প্রথম আলো, ভোরের কাগজসহ বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন।

উত্তম কুমার মজুমদারের মৃত্যুতে বিএসপিএর কার্যনির্বাহী কমিটি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। তার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি শোকগ্রস্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।