২০১২ সাল থেকে নাজমুস সাকিব রাগবির সঙ্গে জড়িত। ২০১৯ সালে জাতীয় দলে খেলেছেন। বছর যেতে না যেতে খেলা ছেড়ে কোচিংয়ে মনোযোগ দেন। জাতীয় দলের কোচ হওয়ার স্বপ্নও পূরণ হয়েছে। এবার কোচদের কোচ হওয়ার পরীক্ষায় সফলভাবে পাস করেছেন ২৪ বছর বয়সী সাবেক এই রাগবি খেলোয়াড়।
পাকিস্তানের লাহোর থেকে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ার্ল্ড রাগবি এডুকেটরের সনদপ্রাপ্ত হলেন সাকিব। এর আগে মাহফিজুল কাঞ্চন প্রথম এডুকেটর কোর্স করেছিলেন।
লাহোরে বিশ্ব রাগবির আয়োজনে সিঙ্গাপুরের ট্রেনার জিন টংয়ের অধীনে সাকিব ১৭ থেকে ১৯ জুন কোর্সটি সম্পন্ন করেছেন।
শুরুতে কোর্সটি উজবেকিস্তানে হওয়ার কথা ছিল। এরপর শ্রীলঙ্কা ভেন্যু হলেও শেষ পর্যন্ত লাহোরেই ১২ জন কোচ নিয়ে হয়েছে কোর্সটি।
এই কোর্স করে এখন দেশে নতুন করে কোচ তৈরি করতে পারবেন সাকিব। বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘আমার স্বপ্ন ছিল তৃণমূল থেকে কোচ তৈরি করবো। যেন সঠিক শিক্ষা পায়। কোচরা আধুনিক শিক্ষা পেলে ইনজুরি কম হবে। তাতে করে রাগবির উন্নতি হবে। তাই খেলা ছেড়ে দিয়ে কোচদের কোচ হয়েছি।’
এবার জাতীয় দলের কোচদের তৈরির জন্য পরবর্তী ডিগ্রি নিতে চান অনার্স চতুর্থ বর্ষে পড়ুয়া সাকিব, ‘আমি লেভেল-২ সার্টিফিকেটধারী কোচ। এডুকেটর হওয়াতে এখন লেভেল-১ কোচ তৈরি করতে পারবো। এরপর বিশ্ব রাগবি থেকে ট্রেনার কোর্স করতে পারলে তখন লেভেল-২ কোর্সও করাতে পারবো। এরই মধ্যে আমার এলাকা কেরানিগঞ্জে কাজ শুরু করেছি।’