পদক না পেলেও ইংল্যান্ডে চমক দেখালেন ভারোত্তলক তাজ!

ইংল্যান্ডের বার্মিংহামে কমনওয়েলথ গেমসে শনিবার দিনটি বাংলাদেশের অ্যাথলেটদের জন্য ভালো কাটেনি। তবে এরমধ্যে কিছুটা হলেও আলো ছড়িয়েছেন ভারোত্তোলক আশিকুর রহমান তাজ। ৫৫ কেজি ওজন শ্রেণিতে পঞ্চম হয়েছেন। নিকট-অতীতে এই গেমসে ভারোত্তোলনে দেশের কেউ পঞ্চম হতে পারেনি।

এই ইভেন্টের স্ন্যাচে ৯৩ এবং ক্লিন অ্যান্ড জার্কে ১১৮ কেজি মিলিয়ে মোট ২১১ কেজি তুলেছেন আশিকুর।

সব মিলিয়ে ২৪৯ কেজি তুলে গেমসের রেকর্ড গড়ে সোনা জিতেছেন মালয়েশিয়ার মোহামাদ অনিক বিন কাসদান। ভারতের সংকেত মহাদেব ২৪৮ কেজি তুলে রুপা এবং শ্রীলঙ্কার দিলাঙ্কা ইসুরু কুমারা ২২৫ কেজি উত্তোলন করে পেয়েছেন ব্রোঞ্জ।

আশিকুরের আগে ২০০৬ সালে মেলবোর্নের আসরে ৫৬ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের একরামুল হক স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে ২১৮ কেজি তুলেছিলেন। ১৪ প্রতিযোগীর মধ্যে হয়েছিলেন অষ্টম।অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধানের সঙ্গে ভারোত্তোলক দল

এছাড়া হামিদুল ইসলাম, মোল্লা সাবিরা সুলতানা ও মাবিয়া আক্তার সীমান্ত এর আগে সর্বোচ্চ ষষ্ঠ স্থান পেয়েছিলেন।

দিনের অন্য ইভেন্টে মেয়েদের ভারোত্তোলনে মার্জিয়া আক্তার ৪৯ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (৫৫) ও ক্লিন অ্যান্ড জার্ক (৭০) মিলিয়ে ১২৫ কেজি তুলে ১১ প্রতিযোগীর মধ্যে ১১তম হয়েছেন।

টেবিল টেনিসে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ চমক দেখিয়েছিল। তবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে পেরে উঠেনি মুহতাসিন আহমেদ হৃদয়, রামহীম বমরা। ইংল্যান্ডের কাছে ৩-০ সেটে হেরে গ্রুপ রানার্সআপ হয়েছে বাংলাদেশ।

ইংল্যান্ডের বিপক্ষে ডাবলসের ম্যাচে বাংলাদেশের রিফাত সাব্বির-মুফরাদুল হামজা জুটি হেরে যায় ১১-১, ১১-৫ ও ১১-৬ গেমে। সিঙ্গেলসের ম্যাচে হৃদয় ১১-৩, ১১-৮ ও ১১-৩ গেমে এবং হামজা ১১-২, ১১-১ ও ১১-৮ গেমে হার মানেন।

সাঁতারেও আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। ৫০ মিটার ফ্রি স্টাইলের হিটে ৩০ দশমিক ২২ সেকেন্ড সময় নিয়ে ৬৮ জনের মধ্যে ৬১তম হয়েছেন সোনিয়া খাতুন। ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ১ মিনিট ৭ দশমিক ৯২ সেকেন্ড সময় নিয়ে সুকুমার রাজবংশী হিটে ৩৬ জনের মধ্যে ৩০তম হন।