কমনওয়েলথ গেমসের ২২তম আসরে পুরুষদের হাই জাম্পে নিজের মৌসুম সেরা পারফরম্যান্স করেছেন বাংলাদেশের মাহফুজুর রহমান। লাফিয়ে ২.১০ মিটার উচ্চতা অতিক্রম করেছেন। যদিও ২০১৯ সালে এসএ গেমসে ক্যারিয়ার সর্বোচ্চ ২.১৬ উচ্চতা লাফিয়ে রুপা জেতার রেকর্ড আছে তার।
তবে হতাশার কথা বার্মিংহামে মৌসুম সেরা পারফরম্যান্স করে পদকের কাছাকাছিও যেতে পারেননি মাহফুজুর। ১৩ জনের ভেতর ১১তম হয়েছেন। ২.২৫ মিটার উচ্চতা অতিক্রম করে সোনা জিতেছেন নিউজিল্যান্ডের হামিশ কের। একই ইভেন্টে অস্ট্রেলিয়ান ক্রিকেটার মিচেল স্টার্কের ভাই ও গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসের সোনাজয়ী ব্রেন্ডন স্টার্ক জিতেছেন রূপা।
এদিকে জাতীয় অ্যাথলেটিকসে হাই জাম্পে রেকর্ড গড়া উম্মে হাফসা রুমকী নিজের সেরা রেকর্ড ছাপিয়ে যেতে পারেননি। বাছাইয়ের ‘এ’ নম্বর গ্রুপে ১.৬৬ মিটার লাফিয়ে ৯ জনের মধ্যে নবম হয়েছেন।
২০০ মিটারে ব্যক্তিগত পারফরম্যান্সেও উন্নতির ছাপ রাখতে পারেননি রকিবুল হাসান। ২২.৪৬ সেকেন্ড সময় নিয়ে ৫৭ প্রতিযোগীর মধ্যে ৪৯তম হয়েছেন।
তাছাড়া টেবিল টেনিসেও শুরুর সাফল্যের পর আর জয়ের দেখা পায়নি বাংলাদেশ। পুরুষ এককে রিফাত সাব্বির ৪-০ সেটে হেরেছেন ঘানার ডেরেক আব্রেফার কাছে। মুহতাসিন হৃদয়ও ৪-১ সেটে হেরেছেন পাকিস্তানের ফাহাদ খাজার কাছে। একই ব্যবধানে তিনি গায়ানার ক্রিস্টোফার ফ্র্যাঙ্কলিনের কাছেও হেরেছেন।