ইন্দোনেশিয়ায় রৌপ্য জিতলো বাংলাদেশের মনন

ইন্দোনেশিয়ার বালি শহরে এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে ওপেন অনূর্ধ্ব-১২ বিভাগে রৌপ্যপদক জিতেছেন বাংলাদেশের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়।

বৃহস্পতিবার ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে ক্যান্ডিডেট মাস্টার নীড় ভারতের ভাজ ইথানের সঙ্গে টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে রানার-আপ হয়ে রৌপ্য পদক নিশ্চিত করেন। আর ভাজ ইথান পান স্বর্ণপদক ।

ওপেন অনূর্ধ্ব-১৮ বিভাগে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় ৬ পয়েন্ট পেয়ে রৌপ্য ও ব্রোঞ্জ পদকের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে চতুর্থ হয়ে পদক অর্জন করতে পারেননি।

অন্যদের মধ্যে বালিকা অনূর্ধ্ব-১০ বিভাগে ওয়ারসিয়া খুশবু ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়ে নবম হন। বালির এই চ্যাম্পিয়নশিপে এশিয়ার ২০টি দেশের দাবাড়ুরা অংশ নিয়েছেন।