লন্ডন নয়, সোনা জিতে বাংলাদেশে ফিরছেন ইমরানুর

এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ইতিহাস গড়ে সোনা জিতেছেন ইমরানুর রহমান। বাংলাদেশের হয়ে তিনিই প্রথম এমন কীর্তি গড়েছেন। আগের দিন রাতে (সোমবার) আনুষ্ঠানিকভাবে তার কাছে পদক হস্তগত হয়েছে।

লন্ডন প্রবাসী এই অ্যাথলেটের তার পর লন্ডন ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু পদক জেতার পর টিকিট বদলে ঢাকায় নিয়ে আসা হচ্ছে তাকে। কাল মঙ্গলবার সকালে ঢাকার মাটিতে পা রাখার কথা ৩০ বছর বয়সীর।

বিমানবন্দরেই ইমরানুরকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা। ইমরানুর সোনার পদক জেতার পর দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন অনুশীলনের প্রতি জোর দিয়েছেন। এরজন্য প্রয়োজন বড়রকমের পৃষ্ঠপোষকতা।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বাংলা ট্রিবিউনকে আগেই বলেছেন, ‘আমরা ইমরানুরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে নিশ্চয়ই ভালো কিছু বের হবে। যাতে করে ইমরানুরকে ঘিরে আরও পদক জেতা যায়।’