ছয় বছর আগে সড়ক দুর্ঘটনায় এক পা হারান আয়শা আক্তার। তবে পা হারিয়েও মনোবল হারাননি। হুইল চেয়ার বাস্কেটবল খেলছেন। এবার নাম লেখাতে যাচ্ছেন প্যারা আর্চারিতেও। দেশে আজ থেকে প্যারা আর্চারি আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে। এর লক্ষ্যে প্যারা আর্চারি ফেডারেশনও গঠিত হয়েছে।
আয়শার মতো সোনিয়া খানম-শিপন মিয়ারাও স্বপ্ন দেখছেন। প্যারা আর্চারির মতো খেলাতে অংশ নিয়ে কিছু একটা করতে। কেউ কেউ তো অন্য খেলাও খেলছেন। তাই আত্মবিশ্বাসে কমতি নেই তাদের। তাদের নিয়েই আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
সোমবার রাজধানীর পাঁচতারকা একটি হোটেলে সংবাদ সম্মেলনে সবার প্রতি শুভকামনা জানিয়ে ক্রীড়াপ্রতিমন্ত্রী বলেছেন, ‘যেহেতু ওরা স্পেশাল চাইল্ড ইচ্ছা করলেও সাধারণ মানুষের মতো কন্টিনিউ করা কষ্টকর। এই কারণে প্রথমেই তাদের ফেডারেশনের মর্যাদা দিয়ে শুরু করেছি। যাতে তারা কষ্ট না পায়। এবং আটটা ফেডারেশন করেছি। আজ প্রথম শুরু করলাম। বাকি ৭টার আনুষ্ঠানিকতা শুরু করবো। আশা করছি ওরা ভালো করবে।’
আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ থাকছেন প্যারা আর্চারিতেও। এর সভাপতি হয়ে আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আমাদের ঐতিহ্যগতভাবেই আর্চারির বীজ বপন করা আছে। আমার মনে হয় সম্ভাবনা আছে। আমরা সিআরপি ভিজিট করেছি। এখানেও সফল হবো। ইচ্ছাশক্তি বড় জিনিস।’
আগামী মাস থেকে অনুশীলন শুরু হবে প্যারা আর্চারদের। এশিয়ান গেমসে না যেতে পারলেও এশিয়ান প্যারা চ্যাম্পিয়নশিপে নভেম্বরে ব্যাংককে যাওয়ার চেষ্টা করা হবে কর্মকর্তারা জানিয়েছেন।