মায়ের দেখানো পথে রেকর্ড গড়ে সোনা জিতলেন মেয়ে

শাহরিয়া সুলতানা এক সময় ভারোত্তোলনে দাপিয়ে বেড়িয়েছেন। ১৪ বছরের ক্যারিয়ারে জাতীয় প্রতিযোগিতায় ১৩টি সোনার পদক জিতেছেন। খেলা ছেড়ে বর্তমানে কোচের চাকরি করছেন।  মায়ের দেখানো পথে ভারোত্তোলনে নাম লিখিয়েছেন মেয়ে শাম্মী সুলতানা। শেখ কামাল দ্বিতীয় জাতীয় যুব গেমসে ৫৫ কেজি ওজন শ্রেণিতে রেকর্ড গড়ে জিতেছেন সোনার পদক।

শাম্মী খুলনার হয়ে স্ন্যাচে তুলেছে ৫০ কেজি। ক্লিন অ্যান্ড জার্কে তুলেছে ৬২ কেজি। দুবারই রেকর্ড গড়ে ওজন তুলেছে। সব মিলিয়ে রেকর্ড ১১২ কেজি ওজন তুলে সোনার পদক নিশ্চিত করেছে সে। এই ইভেন্টে রুপা জিতেছে রংপুর বিভাগের অনন্যা রায়। সে তুলেছে ৯২ কেজি। খুলনা বিভাগের আয়েশা খাতুন ব্রোঞ্জ জিততে তুলেছে ৮১ কেজি।

জাতীয় যুব ভারোত্তোলনে গত বছর সোনা জিতেছিল শাম্মী। আজ মেয়ের আবারও সাফল্য পাওয়া দেখে উচ্ছ্বসিত মা শাহরিয়া, ‘এটা দেখে মা হিসেবে আমার খুব ভালো লাগছে। আমি আসলে ওকে ভারোত্তোলক বানাবো, এটা চাইনি। ও নিজে থেকে ভার তোলে। ছোটবেলা থেকে অন্যের অনুশীলন দেখে দেখে ওজন তোলে। তার একটা স্বপ্ন সে অনেক বড় ভারোত্তোলক হবে। অলিম্পিয়ান হবে। ও নিজে থেকে ট্রেনিং করে।’

রেকর্ড গড়ে সোনা জেতা শাম্মী এস এ গেমসে সাফল্য পেতে চাইছে, ‘আম্মু আগে খেলতেন। তাকে দেখে আমিও ভারোত্তোলনে এসেছি। পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। এস এ গেমসে সোনা জেতার স্বপ্ন দেখি।’