জাতীয় পর্যায়ে ‘শেখ কামাল আন্তস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৩’-এর চূড়ান্ত পর্ব সোম ও মঙ্গলবার (১৩ ও ১৪ মার্চ) বাংলাদেশ আর্মি স্টেডিয়াম ঢাকায় অনুষ্ঠিত হবে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বাংলাদেশের আধুনিক ক্রীড়ার রূপকার শহীদ শেখ কামালের নামে দেশব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা ইতোমধ্যে সফলভাবে সমাপ্ত হয়েছে। বিভাগীয় পর্যায়ের বিজয়ীদের নিয়ে এই দুই দিন অনুষ্ঠিত হবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা।
বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সোমবার বিকাল ৩টায় প্রতিযোগিতার উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মো. তোফাজ্জল হোসেন মিয়া।