এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্ট স্টেজ ওয়ানে পদক নিশ্চিত করেছে বাংলাদেশ। রিকার্ভের মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে উঠেছেন হাকিম আহমেদ ও দিয়া সিদ্দিকী।
চায়না তাইপেতে আজ টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ ৫-১ সেট পয়েন্টে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এরই সঙ্গে অন্তত রুপার পদকও নিশ্চিত হলো লাল সবুজ দলের।
তিন সেটের ম্যাচের প্রথমটিতে ৩৭-৩৫ পয়েন্টে অস্ট্রেলিয়াকে হারায় বাংলাদেশ। পরের সেটটি ৩৮-৩৮ পয়েন্টে ড্র হয়। শেষ সেটে বাংলাদেশ ৩৯-৩৫ পয়েন্টে জিতে ফাইনাল নিশ্চিত করেছে।
এর আগে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে হারায় মালয়েশিয়াকে। আগামী ১৯ মার্চ ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কাজাখস্তান।