আন্তর্জাতিক রেসিং মঞ্চে বাংলাদেশের পতাকা বহন করছেন বাংলাদেশি মোটর রেসার অভিক আনোয়ার। মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নশিপ সিরিজে অংশ নিয়েছেন তিনি। তার সঙ্গে যোগ দিয়েছেন উদীয়মান রেসার আইমান সাদাত।
সেপাং ইন্টারন্যাশল সার্কিটে এই চ্যাম্পিয়নশিপ সিরিজ শুরু হবে আগামী কাল শনিবার। তার আগে শুক্রবার অনুষ্ঠিত বাছাই পর্বে অভিক ও আইমান দুজনেই উত্তীর্ণ হয়েছেন। অভিক হয়েছেন তৃতীয়। আর আইমান নিজের ক্যাটাগরিতে অষ্টম এবং অভারঅল ক্যাটাগরিতে ১২তম হয়েছেন। প্রতিযোগিতায় ৫১ জন রেসার অংশ নিবেন।
বাংলাদেশ থেকে আইমান এই চ্যাম্পিয়নশিপে এবারই প্রথম অংশ নিচ্ছেন। তবে বাছাই পর্বে নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট হতে পারেননি। বলেছেন, ‘বাছাইপর্বটা ভালো হয়নি। এখানে খুবই প্রতিদ্বন্দ্বিতা হয়। যিনি প্রথম হয়েছেন এবং যিনি নবম হয়েছেন তাদের মধ্যে কেবল ২ সেকেন্ডের পার্থক্য ছিল। আমি অষ্টম এবং দ্বাদশ হয়েছি; যেহেতু এটা মাল্টি ক্লাস রেস। আমার ক্যাটাগরিতে অন্তত চতুর্থ হওয়ার আশা করছি। তাহলে পোডিয়ামে যাওয়ার লড়াইটা করতে পারবো।’