৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে দলগত ইভেন্টে পুরুষ ও নারী উভয় বিভাগেই ফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও চট্টগ্রাম।
চট্টগ্রামের রাইফেলস ক্লাবে পুরুষ বিভাগের সেমিফাইনালে আনসার ৩-২ ব্যবধানে সেনাবাহিনীকে হারিয়েছে। আনসার প্রথমে দুই ম্যাচ জিতলেও সেনাবাহিনী পরে টানা দুটি ম্যাচ জিতে লড়াই জমিয়ে দিয়েছিল। প্রথম ম্যাচে আনসারের জাবেদ ৩-২ সেটে সাজিনকে ও মানস ৩-১ সেটে হাসিবকে হারিয়েছেন। এরপর সেনাবাহিনী লড়াইয়ে ফেরে হাসিব জুনিয়র ৩-১ সেটে সজীবকে এবং হাসিব সিনিয়র ৩-২ সেটে জাবেদকে হারালে। তবে ম্যাচ নির্ধারণী খেলায় মানস ৩-১ সেটে সাজিনকে হারিয়ে আনসারকে নিয়ে যান টুর্নামেন্টের ফাইনালে।
পুরুষদের অন্য সেমিফাইনালে আনসারের মতো কষ্ট করতে হয়নি চট্টগ্রামকে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা। রামহিম ৩-০ সেটে আকাশকে, ইমন একই ব্যবধানে হিমেল এবং হৃদয় ৩-১ সেটে দেবকে হারিয়েছেন।
পুরুষদের মতো নারী দলেও চট্টগ্রামের কাছে পাত্তা পায়নি বিমান। চট্টগ্রামের মেয়েরা ম্যাচ জিতেছে ৩-০ ব্যবধানে। সালেহা নাহিমাকে, ঐশী রানীকে এবং রেশমি আনিকাকে ৩-০ সেটে হারিয়েছেন।
নারীদের আরেক সেমিফাইনালে আনসার ৩-১ ব্যবধানে সেনাবাহিনীকে হারিয়েছে। প্রথম দুই ম্যাচে মৌ ৩-০ সেটে আসমাকে ও সোমা একই ব্যবধানে রাহিমাকে হারিয়েছেন। তৃতীয় ম্যাচে সেনাবাহিনীর সিগমা ৩-১ সেটে তুশিকে হারিয়েছেন। তবে চতুর্থ ম্যাচে মৌ ৩-০ সেটে রাহিমাকে হারালে আনসার জায়গা করে নেয় নারী দলগত ইভেন্টের ফাইনালে।