৩৯তম জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে বালক অনূর্ধ্ব-১৮ ও বালিকা অনূর্ধ্ব-১৮ একক উভয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম। বালক এককে রামহিম ও বালিকা এককে খৈ খৈ শিরোপা জিতেছেন।
চট্টগ্রামের রাইফেলস ক্লাবে অনুষ্ঠিত ম্যাচে বালক এককের ফাইনালে চট্টগ্রামের রামহিম হারিয়েছেন রাজশাহীর নাফিসকে। ৪-০ ব্যবধানে ম্যাচ জেতেন তিনি। নাফিসকে কোনও সুযোগ না দিয়েই রামহিম খেলা শেষ করেন। প্রথম দুটি সেট ১১-৮ ও পরের দুটি সেট ১১-৬ ব্যবধানে জেতেন।
বালিকা এককের ফাইনালে চট্টগ্রামের খৈ খৈ ৪-১ ব্যবধানে হারিয়েছেন আনসারের তুশীকে। প্রথম সেট খৈ খৈ ১১-৭ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেট ১১-৮ ব্যবধানে জিতে ঘুরে দাঁড়িয়েছিলেন তুশী। কিন্তু পরের তিনটি সেট জিতে শেষ হাসি হাসেন খৈ খৈ।
এদিকে মিশ্র দ্বৈতের ফাইনালে উঠেছে চট্টগ্রামের রামহিম ও ঐশী জুটি এবং একই দলের হৃদয় ও খৈ খৈ জুটি। দুটি সেমিফাইনালে তারা হারিয়েছে আনসারের প্রতিপক্ষকে।
প্রথম সেমিফাইনালে রামহিম ও ঐশী জুটি ৩-১ সেটে হারিয়েছে সজীব ও মৌ জুটিকে। প্রথম সেট রামহিম ও ঐশী ১১-৬ ব্যবধানে জিতলেও দ্বিতীয় সেট সজীব ও মৌ জিতে নেন ১২-১০ ব্যবধানে। তবে পরের দুই সেট ১১-৭ ও ১১-৯ ব্যাবধানে জিতে ফাইনালে জায়গা করে নেন রামহিম ও ঐশী জুটি।
দ্বিতীয় সেমিফাইনালে হৃদয় ও খৈ খৈ জুটি ৩-০ ব্যবধানে হারিয়েছেন জাবেদ ও সোমা জুটিকে। ১১-৮, ১১-৯ ও ১২-১০ ব্যাবধানে ম্যাচ জিতে সহজে ফাইনাল নিশ্চিত করেন হৃদয় ও খৈ খৈ জুটি।