নিষেধাজ্ঞা প্রত্যাহারে রোমান যাচ্ছেন এশিয়াডে, খুশি স্ত্রী দিয়াও

গত ৫ জুলাই আর্চারির দুই তারকার হাত এক হয়েছে। বিয়ের বন্ধনে জড়িয়েছেন। এর কিছু দিন পরই স্ত্রী দিয়া সিদ্দিকী খুশির খবর শুনতে পেয়েছেন। স্বামী রোমান সানার আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। আসছে চীনের হাংজুতে এশিয়ান গেমসে তাই স্বামীর সঙ্গে আবারও জুটি বেঁধে তীর-ধনুকের লড়াইতে নামার সুযোগ হচ্ছে।

তবে রোমানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি কিছুটা গোপনই ছিল। বাংলাদেশ আর্চারি ফেডারেশন এখনও কোনও ঘোষণা দেয়নি। আজ রবিবার সংবাদ সম্মেলনে এশিয়াডে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন এ কে সরকার বলেছেন, ‘রোমানের নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে। সে এশিয়াডে অংশ নেবে। তার অ্যাক্রেডিটেশন কার্ডসহ সবকিছুই ঠিকঠাক মতো হয়েছে।’ 

সতীর্থ এক আর্চারের সঙ্গে অসদাচরণের কারণে নভেম্বরে দুই বছরের জন্য নিষিদ্ধ হন রোমান। এতদিন আন্তর্জাতিক আর্চারি ফেডারেশনের কারণে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। এবার এশিয়াডের আগেই সুসংবাদ পেয়েছেন।

roman dia2

২০১৯ সালের ১৬ জুন নেদারল্যান্ডসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রিকার্ভ ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতে টোকিও অলিম্পিকে সরাসরি খেলার টিকিট পেয়ে হইচই ফেলে দেন রোমান। এছাড়া ২০২১ সালের ২৩ মে সুইজারল্যান্ডে বিশ্বকাপ আর্চারিতে দিয়ার সঙ্গে জুটি বেঁধে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে রুপা জিতে ইতিহাস তৈরি করেন। আর্চারিতে এই দুই ঘটনা এখনও জ্বলজ্বলে।

চীনেও এমন কিছু করতে চাইছেন রোমানের স্ত্রী ও আর্চারির পোস্টার গার্ল দিয়া।  বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘রোমানের সঙ্গে আগে জুটি বেঁধে সাফল্য পেয়েছি। এবার অনেক দিন পর আবারও জুটি বেঁধে খেলার সুযোগ হয়েছে। আল্লাহর রহমতে ওর নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে আগেই। আমরা এখন ক্যাম্পেই আছি। আমরা চেষ্টা করবো চীনে ভালো কিছু করতে।’