চীনে কোয়ার্টার ফাইনালে রোমান সানারা

চীনের হাংজুতে এশিয়ান গেমস আর্চারিতে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফুইয়ুং ইনহু স্পোর্টস সেন্টারে ভিয়েতনামকে হারিয়েছে তারা ৫-৪ সেট পয়েন্টে। 

বাংলাদেশ দলের হয়ে খেলেছেন সাগর ইসলাম, রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল। ৬ অক্টোবর শেষ আটের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ড। এদিকে নারী দল চাইনিজ তাইপের কাছে হেরেছে ৫-১ সেট পয়েন্টে। আর মিক্সড ইভেন্টে জাপানের কাছে ৫-৩ সেট পয়েন্টে হেরেছে বাংলাদেশ। কম্পাউন্ডেও লড়াই করে জিততে পারেনি। পুরুষ দল ২৩১-২২৯ পয়েন্টে মালয়েশিয়ার কাছে, নারী দল ২২৫-২১৮ পয়েন্টে  হংকং-এর কাছে আর মিশ্র দল ভিয়েতনামের কাছে হেরেছে ১৫৪-১৫৩ পয়েন্টে।

ভারোত্তোলনে নিজের সেরাটা দিতে পারেননি মাবিয়া আক্তার সীমান্ত। নারীদের ৬৪ কেজি ওজন শ্রেণির বি গ্রুপে পাঁচ প্রতিযোগীর মধ্যে হয়েছেন চতুর্থ। তুলেছেন ১৭৫ কেজি। স্ন্যাচে সর্বোচ্চ ৭৭ ও ক্লিন এন্ড জার্কে ৯৮ কেজি ওজন তোলেন। তার গ্রুপে সর্বোচ্চ ২১৫ কেজি তোলেন ইন্দোনেশিয়ার সাবিথা রামদানি।

নিজের সেরাটা দিতে না পারায় হতাশ মাবিয়া, বাজে পারফরম্যান্সের কারণ খুঁজছেন নিজেও। এ গ্রুপের পারফরম্যান্সের ভিত্তিতে নির্ধারিত হবে পদক। তবে সেরা দশে থাকাটাও অনিশ্চিত বলে জানিয়েছেন মাবিয়া।

হকিতে নিজ গ্রুপের শেষ ম্যাচে ভারতের কাছে ১২-০ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ। প্রথমার্ধে ছয় আর দ্বিতীয়ার্ধে হয়েছে আরও ছয় গোল। গুয়াংশু কানাল পার্ক স্টেডিয়ামে জোড়া হ্যাটট্রিক করেছেন হারমানপ্রীত সিং ও মানদ্বিপ সিং। জোড়া গোল করেছেন অভিষেক, বাকিগুলো ললিত কুমার, অমিত রোহিদাস, নীলাকান্ত শর্মা ও গুরজান সিংয়ের। ৬ অক্টোবর ওমানের বিপক্ষে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ।