২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত মালদ্বীপ জাতীয় হ্যান্ডবল দলের কোচের দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের আমজাদ হোসেন। তিন বছর বিরতি দিয়ে আবারও মালদ্বীপে যাচ্ছেন তিনি।
আগামী ৬ অক্টোবর ডেভেলপমেন্ট প্রজেক্ট ডিরেক্টর হিসেবে চার বছরের জন্য মালদ্বীপ যাচ্ছেন লাল সবুজ দলের ৪৫ বছর বয়সী সাবেক খেলোয়াড়।
এবার বিশেষ করে তৃণমূলে কাজ করবেন আমজাদ। এর জন্য মাসিক আড়াই হাজার ডলার বেতন ছাড়াও খাবার, আবাসিক সুবিধা ও বছরে দেশে ফেরার তিনটি টিকিট পাবেন।
নতুন করে মালদ্বীপে দায়িত্ব পেয়ে আমজাদ উচ্ছ্বসিত। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘নতুন দায়িত্ব পেয়ে ভালো লাগছে। আগে মালদ্বীপে জাতীয় দল নিয়ে কাজ করেছি। এবার বয়সভিত্তিক দল নিয়ে কাজ করবো। উদীয়মানদের শেখানোর সুযোগ পেয়ে আমি আসলেই খুশি।'