গত মাসে জাতীয় সামার অ্যাথলেটিকস হওয়ার কথা থাকলেও হয়নি। ১৭তম আসরটি আগামী ১০ ও ১১ নভেম্বর হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এবার সময়ক্ষণ একদিন কমিয়ে আনা হয়েছে। এই আসরে দেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। লন্ডনে স্হায়ীভাবে থাকা এই অ্যাথলেটের অংশগ্রহণ নিয়ে ভিন্ন কথা জানা গেছে।
ইমরানুর খেলেন সেনাবাহিনীর হয়ে। সেই সেনাবাহিনীর কোচ ফরিদ খান চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, 'ইমরান আমাদের বলেছে ওর সেখানকার কোচ তাকে চার সপ্তাহের বিশ্রাম দিয়েছে। তাই ঢাকায় এসে খেলা সম্ভব হচ্ছে না। আমরাও তাই ওকে ছাড়াই এবার সামার অ্যাথলেটিকসে লড়বো।'
তবে ইমরান লন্ডন থেকে বলেছেন অন্য কথা, 'সেনাবাহিনী থেকে আমাকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। সামনে অনেক খেলা আছে। তাই এবার সামার প্রতিযোগিতায় খেলতে পারবো কিনা এখনও জানি না।'
আরেকটি সূত্রে জানা গেছে লন্ডনে ইমরান যেখানে কাজ করছেন, সেখানেই কাজের চাপ বেশি। তাই আগেই সামার প্রতিযোগিতায় খেলতে অনেকটা অপারগতা প্রকাশ করেছেন।