থাইল্যান্ডের ব্যাংককে ২০২৪ প্যারিস অলিম্পিকের এশিয়ার থেকে কোটার লড়াইয়ে বাংলাদেশের দুই আর্চার হাকিম আহমেদ রুবেল এবং দিয়া সিদ্দিকী কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। আজ শনিবার কোয়ার্টার ফাইনালে দুজনই হেরেছেন। ফাইনালে উঠতে পারলে অলিম্পিকে সরাসরি খেলার সুযোগ ছিল।
রুবেল রিকার্ভ এককে কোয়ার্টারে হংকংয়ের ইয়ন চাইয়ের সঙ্গে দুর্দান্ত লড়ে হেরেছেন। ৫-৫ সেটে সমতার পর শুট অফে যায়। শুট অফে রুবেলের তির বোর্ডে ৯ স্পর্শ করে। প্রতিপক্ষের তির দশের কাছাকাছি হওয়ায় রুবেলের বিদায় নিশ্চিত হয়।
এর আগে রিকার্ভ নারী এককে দিয়াও লড়াই করেছেন। মালয়েশিয়ার প্রতিপক্ষ ডানিয়ার সঙ্গে দিয়া চার সেট পর্যন্ত ৪-৪ সমতা রেখেছিলেন। ম্যাচ নির্ধারণী পঞ্চম সেটে দিয়া এক পয়েন্টের ব্যবধানে হেরে বিদায় নেন।