দেশের অ্যাথলেটিকসে অনেক দিন ধরে ফটোফিনিশ প্রযুক্তি ছিল না। অবশেষে বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদ থেকে অ্যাথলেটিকস ফেডারেশনকে নতুন ফটোফিনিশ মেশিনটি বুঝিয়ে দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম নতুন করে সংস্কার করা হয়েছে। সেখানে অ্যাথলেটিকসে নতুন টার্ফের পাশাপাশি ফটোফিনিশ মেশিনসহ আনুষাঙ্গিক আরও কিছু চাহিদাও ছিল ফেডারেশনের। আজ বিকালে ক্রীড়া পরিষদ থেকে অ্যাথলেটিকস ফেডারেশনকে ফটোফিনিশ মেশিনের পাশাপাশি ইলেকট্রনিক গানও বুঝিয়ে দেওয়া হয়েছে। কোটি টাকার ওপর ব্যয়ে ফটোফিনিশ মেশিনটি বেলজিয়াম থেকে আমদানি করা হয়েছে। এখন থেকে ফটোফিনিশ মেশিনের মাধ্যমে ফল বিতর্ক মুক্ত থাকবে।
আধুনিক ফটোফিনিশ মেশিন আনা হলেও সেটি পরিচালনার মতো দক্ষ লোক কম আছে অ্যাথলেটিকসে। ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু এ প্রসঙ্গে বলেছেন, ‘এখন বিদেশি অপারেটর রয়েছে। তার কাছ থেকে আমাদের লোকজন শেখার চেষ্টা করবে। সেজন্য একজন বিশেষজ্ঞ লোক নিয়োগ দেওয়া প্রয়োজন। এছাড়া দামি এবং গুরুত্বপূর্ণ এই সরঞ্জাম আলাদা বিশেষ রুমে সংরক্ষণ করাও প্রয়োজন। এজন্য আমরা জাতীয় ক্রীড়া পরিষদের কাছে রুম চেয়েছি। ’
জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) শামসুল আলম অ্যাথলেটিকসের নতুন সরঞ্জাম সম্পর্কে বলেছেন, ‘আমরা অ্যাথলেটিকস ফেডারেশনকে ফটোফিনিশ মেশিন বুঝিয়ে দিয়েছি। বিদেশি বিশেষজ্ঞ অনলাইনে ফেডারেশনকে এই মেশিন পরিচালনায় সহায়তা করবে।’